পরিষ্কার করে জিজ্ঞেস করুন · মন দিয়ে শুনুন · উত্তর বদলালে থামুন
“এক কাপ চা খাবেন?”: আমার ছেলের সঙ্গে Consent বোঝার চেষ্টা
চা, Hug এবং দৈনন্দিন উদাহরণ দিয়ে Consent-কে পরিষ্কার, চাপমুক্ত, নির্দিষ্ট এবং যেকোনো সময় ফিরিয়ে নেওয়া যায়—এমন অনুমতি হিসেবে বোঝার চেষ্টা।
- Published
- Last reviewed
সাতটি ভিজ্যুয়াল গাইড
চা ও শারীরিক আদরের উদাহরণে সম্মতি বোঝা
সাতটি উদাহরণ দেখতে তীরচিহ্ন, নম্বর, কিবোর্ডের তীরচিহ্ন ব্যবহার করুন অথবা সোয়াইপ করুন।

1 / 7ধাপ ১: পরিষ্কারভাবে হ্যাঁ
Consent শব্দটা আমরা অনেক শুনি। কিন্তু সত্যি বলতে, Consent বলতে ঠিক কী বোঝায়, সেটা আমরা অনেকেই পরিষ্কারভাবে বুঝি না।
কারণ, একদম সোজা পরিস্থিতিতে Consent বোঝা সহজ হলেও বাস্তব জীবনে এর সঙ্গে সম্পর্ক, আবেগ, বয়স, ক্ষমতা, পারিবারিক চাপ আর “লোকে কী ভাববে”—এসব ঢুকে পড়ে। তখন হ্যাঁ, না আর আমি না বলতে পারিনি—এই তিনটির মাঝের পার্থক্যটা বেশ ঘোলাটে হয়ে যায়।
তাই আমি Consent-এর বিষয়টা প্রথমে নিজের বোঝার জন্য, তারপর আমার ছেলেকে বোঝানোর জন্য একটু একটু করে ভেঙে দেখার চেষ্টা করেছি।
কারণ আমি চাই না আমার ছেলে শুধু নিজের জন্য “না” বলতে শিখুক। আমি চাই, অন্য কেউ “না” বললে সে যেন সেটা শুনতে শেখে। কেউ মুখে “না” না বললেও যদি সরে যায়, স্থির হয়ে যায় বা অস্বস্তি দেখায়, সে যেন থেমে জিজ্ঞেস করতে শেখে। আমি চাই সে জানুক কীভাবে অনুমতি চাইতে হয়, কীভাবে উত্তর শুনতে হয় এবং কখন থেমে যেতে হয়।
আর সত্যি বলতে, ওকে শেখাতে গিয়ে আমিও শিখছি।
ইউটিউবে Blue Seat Studios-এর বানানো Tea Consent নামে একটি চমৎকার ভিডিও আছে। সেখানে স্টিক ফিগার আর এক কাপ চায়ের উদাহরণ দিয়ে Consent-এর মূল ধারণাটি খুব সহজভাবে দেখানো হয়েছে।
ভাবুন, আপনি কাউকে জিজ্ঞেস করলেন:
“এক কাপ চা খাবেন?”
তিনি বললেন:
“হ্যাঁ, অবশ্যই! এক কাপ চা হলে তো দারুণ হয়!”
আপনি চা বানিয়ে দিলেন। তিনি চা খেলেন। সবাই খুশি।
এটা Consent-এর সবচেয়ে সহজ উদাহরণ।
জড়িয়ে ধরা বা চুমু দেওয়ার ক্ষেত্রেও মূল নিয়মটা একই। আপনি জিজ্ঞেস করলেন:
“তোমাকে কি জড়িয়ে ধরতে পারি?”
অথবা:
“একটা Hug করবে?”
সে বলল, “হ্যাঁ,” এবং নিজের ইচ্ছায় এগিয়ে এলো।
এটাই Consent।
তবে Consent মানেই কাউকে আনন্দে লাফাতে হবে—এমন নয়। সবাই একইভাবে আগ্রহ প্রকাশ করে না। কেউ হাসতে হাসতে “হ্যাঁ” বলে, কেউ শান্তভাবে মাথা নাড়ে, কেউ হাত বাড়ায়, আবার কেউ AAC বা অন্য কোনো পরিচিত উপায়ে নিজের উত্তর জানায়।
উত্তরটা নাটকীয় হতে হবে না। কিন্তু পরিষ্কার, নিজের ইচ্ছায় দেওয়া এবং চাপমুক্ত হতে হবে।
আপনি যদি নিশ্চিত না হন, তাহলে ধরে নেবেন না। আবার জিজ্ঞেস করুন।
১. পরিষ্কারভাবে “হ্যাঁ”
চায়ের ক্ষেত্রে
আপনি জিজ্ঞেস করলেন:
“এক কাপ চা খাবেন?”
উত্তর এলো:
“হ্যাঁ, অবশ্যই!”
আপনি চা বানালেন। উনি খেলেন। সব ঠিক আছে।
জড়িয়ে ধরা বা চুমুর ক্ষেত্রে
আপনি জিজ্ঞেস করলেন:
“তোমাকে কি জড়িয়ে ধরতে পারি?”
সে পরিষ্কারভাবে “হ্যাঁ” বলল অথবা এমনভাবে এগিয়ে এলো, যেটা আপনাদের পরিচিত যোগাযোগের মধ্যে স্পষ্টভাবে “হ্যাঁ” বোঝায়।
মূল কথা
Consent কথা দিয়ে বা আচরণের মাধ্যমে জানানো যেতে পারে। কিন্তু সেটি পরিষ্কার এবং নিজের ইচ্ছায় দেওয়া হতে হবে।
শুধু “না” না বলাকে “হ্যাঁ” ধরে নেওয়া যাবে না।
২. দ্বিধা, অস্বস্তি বা অনিশ্চিত উত্তর
চায়ের ক্ষেত্রে
আপনি চায়ের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন:
“উমম…ঠিক বুঝতে পারছি না।”
তখন আপনি চা বানিয়ে তাঁর সামনে দাঁড়িয়ে বলবেন না:
“এত কষ্ট করে বানিয়েছি। এখন খেতেই হবে!”
বরং আপনি বলতে পারেন:
“ঠিক আছে। পরে চাইলে বলবেন।”
জড়িয়ে ধরা বা চুমুর ক্ষেত্রে
আপনি জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালেন, কিন্তু সে পিছিয়ে গেল, চোখ সরিয়ে নিল, স্থির হয়ে গেল বা বলল:
“উমম…জানি না।”
তখন একধাপ পিছিয়ে আসুন।
বলতে পারেন:
“ঠিক আছে। Hug করতে হবে না।”
অথবা:
“তুমি চাইলে পরে আমাকে বলতে পারো।”
মূল কথা
“হয়তো”, “জানি না”, চুপ হয়ে যাওয়া, জমে যাওয়া বা অস্বস্তিতে হাসা—এগুলোর কোনোটিই এগিয়ে যাওয়ার Green Light নয়।
সন্দেহ থাকলে থামুন এবং পরিষ্কার করে জিজ্ঞেস করুন।
৩. স্পষ্ট “না”
চায়ের ক্ষেত্রে
আপনি জিজ্ঞেস করলেন:
“এক কাপ চা খাবেন?”
তিনি বললেন:
“না, ধন্যবাদ।”
ব্যস। আপনি চা বানালেন না। রাগ করলেন না। তাঁকে অকৃতজ্ঞ বললেন না। তাঁর মুখে জোর করে চা ঢেলে দিলেন না।
জড়িয়ে ধরা বা চুমুর ক্ষেত্রে
কেউ বলল:
“না, থাক।”
অথবা:
“আমি এখন Hug করতে চাই না।”
তখনও ব্যাপারটা একই। আপনি থামবেন। তাকে অভদ্র, পরপর, আদর বোঝে না বা “বেশি ভাব ধরে” বলবেন না।
মূল কথা
“না” একটি সম্পূর্ণ উত্তর।
সেটা এক কাপ Earl Grey চায়ের ব্যাপারেই হোক কিংবা গালে একটি চুমুর ব্যাপারে।
৪. প্রথমে “হ্যাঁ” বলেও পরে মত বদলানো
চায়ের ক্ষেত্রে
প্রথমে তিনি চা খেতে চেয়েছিলেন। কিন্তু কেটলি বসানোর পর বললেন:
“আসলে, এখন আর চা খেতে ইচ্ছে করছে না।”
আপনি হয়তো কষ্ট করে চা বানিয়েছেন। তারপরও তাঁকে সেই চা খেতেই হবে—এমন কোনো কথা নেই।
জড়িয়ে ধরা বা চুমুর ক্ষেত্রে
কেউ প্রথমে জড়িয়ে ধরতে রাজি হয়েছিল। কিন্তু আপনি কাছে যেতেই সে পিছিয়ে গিয়ে বলল:
“আসলে, আমি আর চাই না।”
অথবা Hug শুরু হওয়ার পর সে বলল:
“থামো।”
তখন থামতে হবে। সঙ্গে সঙ্গে।
মূল কথা
Consent যেকোনো সময় ফিরিয়ে নেওয়া যায়—স্পর্শের আগে বা স্পর্শ চলার সময়ও।
একবার “হ্যাঁ” বলা মানে শেষ পর্যন্ত “হ্যাঁ” বলতেই হবে না।
৫. চাপ, ভয় বা অপরাধবোধ থেকে বলা “হ্যাঁ”
ধরুন, কেউ প্রথমে চা খেতে চাইল না। আপনি বলতে থাকলেন:
“আমার হাতের চা তুমি খাবে না?”
“তোমার জন্য এত কষ্ট করে বানালাম!”
“একটু খেলেই কী হয়?”
শেষ পর্যন্ত সে বিরক্ত, লজ্জিত বা অপরাধী বোধ করে বলল:
“আচ্ছা, ঠিক আছে।”
এটা কি নিজের ইচ্ছায় চা খাওয়া?
না।
জড়িয়ে ধরা, চুমু বা অন্য কোনো স্পর্শের ক্ষেত্রেও একই কথা।
“আমি তোমার খালা, আমাকে Hug দেবে না?”
“দাদি কষ্ট পাবে!”
“এত ভাব দেখাচ্ছ কেন?”
“আমি তোমাকে এত ভালোবাসি!”
এই কথাগুলো শুনে একটি শিশু “হ্যাঁ” বললেও, সেই “হ্যাঁ” নিজের ইচ্ছা থেকে না-ও আসতে পারে। সে হয়তো শুধু বড়দের রাগ, মন খারাপ বা অপমান এড়াতে রাজি হয়েছে।
মূল কথা
ভয়, চাপ, বারবার অনুরোধ, লজ্জা বা অপরাধবোধ দিয়ে আদায় করা “হ্যাঁ” আসল Consent নয়।
Consent মানে কাউকে হার মেনে “ঠিক আছে” বলানো নয়।
৬. ঘুমন্ত, অচেতন বা এই মুহূর্তে উত্তর দিতে অক্ষম
চায়ের ক্ষেত্রে
কেউ ঘুমিয়ে আছে বা অচেতন হয়ে পড়ে আছে।
আপনি নিশ্চয়ই ভাববেন না:
“ও তো না বলেনি। তার মানে চা খাবে।”
তারপর তার মুখে চা ঢেলে দেবেন না।
সে উত্তর দিতে পারছে না। তার চুপ করে থাকা কোনো উত্তরই নয়।
স্পর্শের ক্ষেত্রে
ঘুমন্ত বা অচেতন কেউ যৌন স্পর্শে Consent দিতে পারে না—এখানে কোনো অস্পষ্টতা নেই।
সাধারণ Hug, চুমু বা অন্য কোনো ঐচ্ছিক স্পর্শের ক্ষেত্রেও কারও ঘুম, নীরবতা বা সাড়া না দেওয়াকে অনুমতি হিসেবে ব্যবহার করা যায় না।
কেউ যদি প্রচণ্ড Overwhelmed বা Shutdown অবস্থায় থাকে, তার মানে এই নয় যে সে কিছুই বোঝে না বা কোনোভাবেই উত্তর দিতে পারে না। অনেক Neurodivergent মানুষ কথা বলতে না পারলেও ইশারা, AAC, মাথা নাড়া, হাত সরানো বা পরিচিত অন্য কোনো উপায়ে নিজের পছন্দ জানাতে পারে।
তাই তার পরিচিত যোগাযোগের পদ্ধতিতে জিজ্ঞেস করুন।
কিন্তু যদি কোনো পরিষ্কার উত্তর পাওয়া না যায়, তাহলে ঐচ্ছিক স্পর্শের জন্য অপেক্ষা করুন।
মূল কথা
চুপ থাকা মানে “হ্যাঁ” নয়।
কথা না বলা মানে “যা খুশি করো” নয়।
উত্তর দিতে না পারা মানে অন্য কেউ উত্তরটা নিজের সুবিধামতো বানিয়ে নিতে পারে না।
কিন্তু প্রয়োজনীয় যত্নের সময় কী হবে?
এই জায়গায় একটি পার্থক্য বোঝা জরুরি।
কখনো কখনো একটি শিশুকে বিপদ থেকে সরিয়ে আনতে কোলে তুলতে হয়। ডায়াপার বদলাতে হয়, গোসল করাতে হয়, ওষুধ দিতে হয় বা ডাক্তারের কাছে পরীক্ষা করাতে হয়। জরুরি নিরাপত্তা ও প্রয়োজনীয় যত্ন সব সময় ঐচ্ছিক আদর বা স্পর্শের মতো নয়।
কিন্তু “প্রয়োজন” মানেই শিশুর শরীরের ওপর ইচ্ছেমতো অধিকার পাওয়া নয়।
যতটা সম্ভব আগে বলুন:
“আমি এখন তোমাকে কোলে তুলে রাস্তা থেকে সরিয়ে নিচ্ছি।”
“আমি তোমার ডায়াপার বদলাব।”
“ডাক্তার তোমার পেটটা দেখবেন। তুমি চাইলে আমার হাত ধরতে পারো।”
সম্ভব হলে বিকল্প দিন:
“তুমি নিজে উঠবে, নাকি আমি কোলে নেব?”
“প্রথমে হাত ধুব, নাকি মুখ?”
শিশুর অস্বস্তি খেয়াল করুন। প্রয়োজনের চেয়ে বেশি জোর ব্যবহার করবেন না। আর কোনো অভিজ্ঞতা তাকে ভয় পাইয়ে দিলে, পরে তার সঙ্গে কথা বলুন এবং আবার নিরাপত্তা ও বিশ্বাস তৈরি করার চেষ্টা করুন।
প্রয়োজনীয় যত্নেও শিশুর সম্মান ও মর্যাদা থাকে।
৭. গতকালের “হ্যাঁ” আজকের “হ্যাঁ” নয়
চায়ের ক্ষেত্রে
কেউ গত শনিবার আপনার বাসায় এসে চা খেয়েছিল।
তার মানে এই নয় যে মঙ্গলবার তার সামনে চায়ের কাপ রেখে আপনি বলতে পারেন:
“গত সপ্তাহে তো খেয়েছিলে। আজও খেতে হবে।”
হয়তো আজ তার চা খেতে ইচ্ছে করছে না।
হয়তো গতবার Earl Grey ভালো লেগেছিল, কিন্তু আজ সে দুধ চা চায়।
হয়তো আজ সে কোনো চা-ই চায় না।
জড়িয়ে ধরা বা চুমুর ক্ষেত্রে
একটি শিশু গতকাল আপনাকে জড়িয়ে ধরেছিল বলেই আজও তাকে জড়িয়ে ধরতে হবে—এমন নয়।
একজন বন্ধু আগে আপনার কাছ থেকে Hug নিয়েছে বলেই প্রতিবার দেখা হলে আপনি অনুমতি ছাড়া তাকে জড়িয়ে ধরতে পারেন না।
এক ধরনের স্পর্শে “হ্যাঁ” বলা মানে সব ধরনের স্পর্শে “হ্যাঁ” নয়।
একজন মানুষকে “হ্যাঁ” বলা মানে সবাইকে “হ্যাঁ” নয়।
মূল কথা
Consent নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট কাজ এবং নির্দিষ্ট মুহূর্তের জন্য।
এটা একবার সই করে সারা জীবনের জন্য দিয়ে দেওয়া কোনো Contract নয়।
চায়ের ক্ষেত্রে বুঝি, আদরের ক্ষেত্রে ভুলে যাই কেন?
| চায়ের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া | জোর করে আদর করার সময় আমরা যা বলি |
|---|---|
| “সে চা খেতে মানা করেছে, তাই আমি চা বানাব না।” | “চুমু দিতে চাইছে না? আরে, উনি তোমার খালা! একটা চুমু দাও।” |
| “সে এখন চা চাইছে না। ঠিক আছে।” | “একটা Hug-ই তো! এত পরপর আচরণ করছ কেন?” |
| “চা বানিয়েছি বলেই তাকে খেতে বাধ্য করতে পারি না।” | “আমি এত আদর করি, আমাকে জড়িয়ে ধরবে না?” |
| “কারও মুখে জোর করে চা ঢেলে দেওয়া ভয়ংকর।” | “ও থামতে বলছে, কিন্তু আমি মজা করে কুচকুচি দিতেই থাকব।” |
| “গতকাল চা খেয়েছে মানে আজও চাইবে—এমন নয়।” | “গতকাল তো আমাকে Hug দিয়েছিলে!” |
যেকোনো Hug, চুমু, কুচকুচি বা স্পর্শের জায়গায় যদি আপনি “এক কাপ চা” বসিয়ে চিন্তা করেন, তাহলে কারও সীমা অতিক্রম করার অযৌক্তিক দিকটা হঠাৎ খুব পরিষ্কার হয়ে যায়।
Consent শুধু “না” বলতে শেখা নয়। এটি “না” শুনতে শেখাও। এটি জিজ্ঞেস করতে শেখা। সন্দেহ হলে থামতে শেখা। কারও মত বদলে গেলে সেটা ব্যক্তিগত অপমান হিসেবে না নেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ভালোবাসা, সম্পর্ক, বয়স বা আত্মীয়তার নামে কারও শরীরের ওপর অধিকার দাবি না করা।
আমি চাই আমার ছেলে জানুক, তার শরীর তার নিজের।
কিন্তু আমি এটাও চাই সে জানুক, অন্য মানুষের শরীরও তাদের নিজের।
সে “না” বলতে পারবে।
আর অন্য কেউ “না” বললে তাকেও থামতে হবে।
আমি তার জন্য কিছু Visual Aid তৈরি করেছি। কিন্তু সত্যি বলতে, এগুলো শুধু ওর জন্য নয়। এগুলো আমার জন্যও।
কারণ আমি আমার ছেলেকে Consent শেখাচ্ছি ঠিকই, কিন্তু ওর পাশে দাঁড়িয়ে আমিও এখনো শিখছি।





