সীমানার নাম দিন · ‘না’ বলা ও সম্মান করা অনুশীলন করুন

“Please Stop”: যে গানটা আমাকে আর আমার ছেলেকে ‘না’ বলতে শেখাল

বাচ্চাদের একটি গান কীভাবে আমাকে আর আমার ছেলেকে সম্মতি, শরীরের ওপর অধিকার, প্রয়োজনীয় যত্ন এবং একটি শিশুর ‘না’-কে গুরুত্ব দিতে শিখিয়েছে।

Published
Last reviewed
জলরঙের কোলাজে বিভিন্ন শিশু নিজেদের ব্যক্তিগত সীমানা প্রকাশ করছে, দূরত্ব চাইছে এবং সবার প্রয়োজন যে আলাদা তা বুঝছে।
The guide is also written out below so it remains accessible and searchable.

ইউটিউবে Hopscotch-এর The Boundaries Song – “That’s a Boundary.” নামে বাচ্চাদের ব্যক্তিগত সীমানা নিয়ে একটি গান আছে। আমি প্রথম গানটি আমার ছেলের জন্য চালিয়েছিলাম, কারণ গানের মাধ্যমে ওর শিখতে সুবিধা হয়। আমি ঘুণাক্ষরেও ভাবিনি, এই গানটি আমাকেও এত কিছু শেখাবে। আমার বয়স প্রায় ছত্রিশ। আমার ছেলের বয়স ছয়। আর অদ্ভুতভাবে, আমরা দুজন একই সঙ্গে ব্যক্তিগত সীমানা বা বাউন্ডারি রক্ষা করতে শিখছি।

অনেক দিন ধরে আমি আসলে বুঝতামই না, বাউন্ডারি জিনিসটা কী। আমি ভাবতাম, বাউন্ডারি হলো অসভ্য বা খিটখিটে মানুষের ব্যবহার—যারা অন্যদের দূরে ঠেলে দিতে চায়। আমি ভাবতাম, ‘না’ বলা মানে ঝামেলা সৃষ্টি করা। কোনো পরিস্থিতিতে অস্বস্তি হলেও চুপচাপ সহ্য করাই সৌজন্য—বিশেষ করে যখন অস্বস্তি তৈরি করা মানুষটি বয়সে বড়, নিজের আত্মীয়, অথবা “শুধু ইয়ার্কি” মারছিল। তারপর এই সহজ গানটি এমন একটি বিষয়ের ভাষা দিল, যে ভাষার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি:

বাউন্ডারি মানে আমাদের মাঝখানে শক্ত দেওয়াল তুলে দেওয়া নয়। এটা কোনো শাস্তিও নয়। এটা “আমি তোমাকে ঘৃণা করি” বলার আরেকটি উপায়ও নয়। ব্যক্তিগত সীমানা হলো—আমার শরীর, অনুভূতি, সময় ও স্বস্তির সীমা কোথায়, এবং আমার কাছাকাছি থাকতে হলে সেই সীমাকে কীভাবে সম্মান করতে হবে।

এই পার্থক্যটা ভীষণ জরুরি। আমি আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য শিখছি: বাউন্ডারি মানে অন্য কাউকে আমার ইচ্ছামতো চলতে বাধ্য করা নয়। বাউন্ডারি হলো—আমি কোন আচরণ মেনে নিতে পারি, কোনটা পারি না, এবং আমার সীমা বারবার অগ্রাহ্য করা হলে নিজেকে রক্ষা করতে আমি কী করব, সেটা স্পষ্টভাবে জানানো।

গানটির জাদু এই নয় যে এটি বাচ্চাদের অসভ্য হতে শেখায়। এটি তাদের স্পষ্টভাবে বলতে শেখায়। এটি শেখায়, কেউ হয়তো জড়িয়ে ধরা, কুচকুচি বা কাতুকুতু দেওয়া, কাছে আসা কিংবা নিজের জিনিস ভাগ করে নেওয়া পছন্দ করে; অন্য কেউ হয়তো একদমই পছন্দ করে না। এটি শেখায়, বয়স যত কমই হোক, অনুভূতির মূল্য আছে। মানুষ তো আর একে অপরের মনের কথা পড়তে পারে না, তাই কিছু করার আগে জিজ্ঞেস করে নিলে অন্যের সীমা পার হয়ে যাওয়ার আশঙ্কা কমে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এটি শেখায়—কেউ অস্বস্তির কথা জানালে আমরা থামি। কাউকে অপমান না করেও শান্তভাবে ‘না’ বলা যায়। আর সত্যি বলতে, আমাদের মধ্যে অনেকেই এই শিক্ষাটি পেয়ে বড় হইনি।

ভালোবাসা কখনো সম্মতির বিকল্প হতে পারে না

অনেক পরিবার ও সংস্কৃতিতে ভালোবাসা বা আদরকে এমন কিছু মনে করা হয়, যা বাচ্চারা বড়দের দিতে বাধ্য। দাদা-দাদি বা নানা-নানি জড়িয়ে ধরতে চান? বাচ্চাকে গিয়ে জড়িয়ে ধরতেই হবে। চাচা-মামা বা খালা-ফুফু গালে চুমু দিতে চান? বাচ্চাকে সোজা হয়ে দাঁড়িয়ে তা সহ্য করতে হবে। কেউ বলল, “তোমাকে কত ভালোবাসি! এদিকে এসো”—আর অমনি বাচ্চার অস্বস্তির নাম হয়ে গেল অ্যাটিটিউড বা বেয়াদবি। কিন্তু আমরা ভুলে যাই, ভালোবাসা কখনো সম্মতি বা কনসেন্ট-কে গায়েব করে দিতে পারে না। কাউকে প্রচণ্ড আদর করা মানেই এই নয় যে তার শরীরে যখন-তখন হাত দেওয়া যাবে।

আমি এই নিয়ে অনেক ভাবি। কারণ বাচ্চাদের সঙ্গে আমরা যেসব আচরণ স্বাভাবিক বানিয়ে ফেলেছি, তার অনেকগুলোই আসলে আদরের মোড়কে, শাসনের নামে কিংবা মজার ছলে করা একেকটি সীমানা লঙ্ঘন:

  • জোর করে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া।
  • যে বাচ্চা কোলে উঠতে চায় না, তাকে জোর করে তুলে নেওয়া।
  • গাল টিপে ধরা, চুল টানা বা শরীরে খোঁচা দেওয়া।
  • “থামো” বলার পরও কুচকুচি বা কাতুকুতু দিয়ে যাওয়া।

আর তারপর আসে ইয়ার্কি বা মজা। আমি ছোটবেলায় একটু মোটাসোটা ছিলাম বলে আমাকে অনেক বডি শেমিং সহ্য করতে হয়েছে। শর্টস ছোট ছিল বলে আমার শরীরে খোঁচা দেওয়া হয়েছে। চুল ম্যাগি নুডলসের মতো দেখতে ছিল বলে টেনে ধরে মজা করা হয়েছে। সবকিছুই নাকি মজা ছিল। সবকিছুকে ইয়ার্কি বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার শরীর আর মন আজও মনে রেখেছে—ওই মজাগুলো আমার সঙ্গে করা হয়নি; আমার ওপর করা হয়েছিল। এই পার্থক্যটাও অনেক বড়।

বাচ্চা যখন “থামো” বলে, তখন মজা সেখানেই শেষ। এরপরও কোনো বড় মানুষ তা চালিয়ে গেলে, সেটা আর ইয়ার্কি থাকে না। সেটা একটি শিক্ষায় পরিণত হয়:

  • তোমার অস্বস্তি আমাদের কাছে মজার।
  • তোমার ‘না’ ঐচ্ছিক।
  • বয়সে বড়, শরীরে শক্তিশালী বা গলায় জোর বেশি—এমন কেউ তোমার সীমানা অগ্রাহ্য করতে পারে, যদি সে সেটাকে ভালোবাসা, ইয়ার্কি বা আত্মীয়তা বলে চালিয়ে দেয়।

এই শিক্ষা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের ভেতর থেকে চুপচাপ মুছে যায় না।

ছোট হলেও তোমার অনুভূতির মূল্য আছে

গানটিতে খুব সহজভাবে বলা হয়েছে, বয়স বা শরীরের আকার যত ছোটই হোক, অনুভূতির মূল্য আছে। এই কথাটি জরুরি। কারণ শৈশবের বড় একটি সময় আমরা সরাসরি বা পরোক্ষভাবে শুনি—বড়দের অনুভূতি আমাদের অনুভূতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মন খারাপ হওয়া গুরুত্বপূর্ণ। তাদের লজ্জা পাওয়া গুরুত্বপূর্ণ। তাদের জড়িয়ে ধরার ইচ্ছা গুরুত্বপূর্ণ। তাদের আদর দেখানোর ইচ্ছা গুরুত্বপূর্ণ। তোমার অস্বস্তি? সেটার নাম অ্যাটিটিউড। তোমার অস্বীকৃতি? বেয়াদবি। তোমার কান্না? খুব বেশি সেনসিটিভ। তোমার নীরবতা? মেজাজ দেখানো।

কিন্তু গানটি ঠিক তার উল্টো কথা বলে: ছোট হলেও তোমার অনুভূতির মূল্য আছে। একটি বাচ্চাকে এটা শেখানো বৈপ্লবিক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটা নতুন করে উপলব্ধি করাও সমান বৈপ্লবিক।

গানটির সবচেয়ে বড় অবদানগুলোর একটি হলো, এটি বাচ্চাদের ব্যবহারযোগ্য ভাষা বা স্ক্রিপ্ট দেয়। কোনো কঠিন থিওরি নয়। কোনো লম্বা ভাষণ নয়। সরাসরি কিছু শব্দ:

“Please stop.”

কথাটি স্পষ্ট, সহজ এবং প্রয়োজনের মুহূর্তে ব্যবহার করা যায়। বাচ্চারা—বিশেষ করে যাদের আগে থেকে নির্দিষ্ট বাক্য শিখিয়ে দিতে হয়—মানসিক চাপের মধ্যে তাৎক্ষণিকভাবে সুন্দর করে কথা সাজাতে পারে না। তারা যখন ভয় পায়, লজ্জিত হয়, ওভারস্টিমুলেটেড হয়ে পড়ে কিংবা আবেগে ভেসে যায়, তখন নিজের প্রয়োজন ব্যাখ্যা করার মতো গুছানো ভাষা তাদের নাগালে নাও থাকতে পারে। তাই আমরা তাদের হাতে এমন কিছু বাক্য তুলে দিই, যেগুলো তারা প্রয়োজনের সময় ব্যবহার করতে পারে:

  • “Please stop.” — দয়া করে থামো।
  • “I don’t like that.” — আমার এটা ভালো লাগছে না।
  • “I need space.” — আমার একটু জায়গা দরকার।
  • “Don’t touch my body.” — আমার শরীরে হাত দেবে না।
  • “I don’t want a hug.” — আমি জড়িয়ে ধরতে চাই না।
  • “Please don’t do that in front of me.” — দয়া করে আমার সামনে এটা করবেন না।
  • “That is mean.” — এটা কষ্ট দেওয়ার মতো আচরণ।
  • “Ask me first.” — আগে আমাকে জিজ্ঞেস করো।
  • “I changed my mind.” — আমি আমার সিদ্ধান্ত বদলেছি।
  • “I need you to listen when I say stop.” — আমি থামতে বললে তোমাকে শুনতে হবে।
  • “I need a break.” — আমার একটু বিরতি দরকার।
  • “I need help.” — আমার সাহায্য দরকার।

এগুলো কোনো জাদুর শব্দ নয়। বাক্যগুলো বলতে পারলেই সবাই শুনবে, এমন নিশ্চয়তা নেই। তবু অস্বস্তির মধ্যে আটকে থেকে সেটার কোনো নামই দিতে না পারার চেয়ে, শব্দগুলো জানা অনেক ভালো।

ছেলের সঙ্গে সঙ্গে আমারও আনলার্ন করার চেষ্টা

আমি শুধু আমার ছেলেকে এই কথাগুলো শেখাচ্ছি না; নিজেও শিখছি। আমি শিখছি, একটি বাচ্চা যখন বলে, “আমি হাগ দেব না,” তার মানে সে ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে না। সে যখন বলে, “আমাকে কুচকুচি দিও না,” তখন সে মজা নষ্ট করছে না। সে যখন বলে, “এভাবে বোলো না,” তখন সে অবধারিতভাবে বেয়াদবি করছে না। সে আমাদের তথ্য দিচ্ছে। সে বলছে না, “আমি তোমাকে ভালোবাসি না।” সে বলছে, “এটা আমার সীমানা।”

একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমিও বলতে শিখছি:

“আমাকে অপমান করে কথা বলা হলে আমি এই আলোচনা চালিয়ে যাব না। এটা চলতে থাকলে আমি সরে যাব।”

এটা কাউকে আক্রমণ করা নয়। আমি শুধু আমার সীমা কোথায় এবং সেই সীমা ভাঙা চলতে থাকলে নিজেকে রক্ষা করতে আমি কী করব, সেটা জানাচ্ছি। এটা আজও আমার জন্য কঠিন। আমি বড় হয়েছি এটা ভেবে যে কেউ বয়সে বড় হলে, আমার কাছের মানুষ হলে, গলায় জোর বেশি হলে বা সমাজে বেশি গ্রহণযোগ্য হলে, হয়তো তার স্বাচ্ছন্দ্য আমার স্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি অস্বস্তির সময় হাসতে শিখেছিলাম। প্রতিবাদ করার ভাষা খুঁজে না পেয়ে স্তব্ধ হয়ে যেতে শিখেছিলাম। সংঘাতকে এত ভয় পেতাম যে অন্য মানুষের বাজে আচরণের জন্য নিজেই অজুহাত খুঁজে দিতাম। এখন আমি আমার ছেলের পাশে দাঁড়িয়ে সেই অভ্যাসগুলো আনলার্ন করার চেষ্টা করছি।

অনেক সময় বড়রা ভাবেন, সম্পর্কের ঘনিষ্ঠতা তাদের অবাধ অধিকার দিয়ে দেয়:

  • “আমি তো তোমার নানি।”
  • “আমি তো তোমার খালা।”
  • “আমি তোমার ডায়াপার বদলেছি।”
  • “আমি তো পরিবারেরই মানুষ।”

কিন্তু সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক, অনুমতি নেওয়ার প্রয়োজন শেষ হয়ে যায় না। পরিবারই হওয়া উচিত সেই প্রথম জায়গা, যেখানে বাচ্চা শিখবে—তার ‘না’ বলা নিরাপদ।

এর মানে এই নয় যে বাচ্চাকে শেখানো হচ্ছে, শুধু তার নিজের স্বস্তিই গুরুত্বপূর্ণ। এর মানে হলো তাকে শেখানো—সবার শরীর, কথা, সময়, ব্যক্তিগত পরিসর এবং অনুভূতির মূল্য আছে; তার নিজেরগুলোরও। সীমানা দুমুখী রাস্তা। আমার ছেলে যেমন শিখছে, অনাকাঙ্ক্ষিত স্পর্শে সে ‘না’ বলতে পারে, তেমনি তাকে এটাও শিখতে হবে যে অন্য কেউ ‘না’ বললে তাকেও থামতে হবে। তার যেমন জায়গা দরকার হতে পারে, অন্যেরও পারে। উচ্চ শব্দ তার জন্য কষ্টকর হতে পারে, আবার অন্য কারও জন্য হঠাৎ জড়িয়ে ধরা বা টেনে ধরা কষ্টকর হতে পারে। তার অনুভূতির মূল্য আছে। অন্য মানুষের অনুভূতিরও মূল্য আছে। সেটা স্বার্থপরতা নয়। সেটাই সম্মান।

প্রয়োজনীয় যত্ন ও নিরাপত্তার ক্ষেত্রে কী হবে?

বাচ্চার নিজের শরীরের ওপর অধিকারকে সম্মান করার অর্থ এই নয় যে চিকিৎসা, পরিচ্ছন্নতা বা নিরাপত্তার প্রতিটি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাচ্চার ওপর ছেড়ে দিতে হবে। কখনো কখনো বাচ্চাকে নিরাপদ রাখতে বা প্রয়োজনীয় যত্ন দিতে বড়দের হস্তক্ষেপ করতেই হয়। রাস্তা পার হওয়ার সময় বাচ্চা ‘না’ বলেছে বলে তাকে গাড়ির সামনে দৌড়াতে দেওয়া যায় না। চিকিৎসা, গোসল, টয়লেট, দাঁতের যত্ন কিংবা অন্য কোনো জরুরি কাজ বাচ্চার অপছন্দ হলেও কখনো কখনো করতেই হতে পারে।

কিন্তু যত্নটি প্রয়োজনীয় হলেই সম্মান অপ্রয়োজনীয় হয়ে যায় না। তখনও আমরা কী হতে যাচ্ছে এবং কেন দরকার, সেটা বুঝিয়ে বলতে পারি। সম্ভব হলে আগে থেকে প্রস্তুত করতে পারি। অর্থপূর্ণ বিকল্প দিতে পারি। অপ্রয়োজনীয় জোর বা আকস্মিকতা এড়াতে পারি। সবচেয়ে কম হস্তক্ষেপের পদ্ধতি বেছে নিতে পারি। বাচ্চার কষ্টকে ছোট না করে স্বীকার করতে পারি। কোনো ভীতিকর বা এড়ানো অসম্ভব ঘটনা ঘটলে পরে আবার সেটি নিয়ে কথা বলতে পারি, ব্যাখ্যা করতে পারি, ওর কথা শুনতে পারি, এড়ানো সম্ভব ছিল—এমন কোনো ক্ষতি করে থাকলে ক্ষমা চাইতে পারি এবং আবার বিশ্বাস তৈরি করতে পারি।

নিরাপত্তার জন্য কখনো বাচ্চার তাৎক্ষণিক ইচ্ছার বিরুদ্ধে যেতে হতে পারে। সেটা কখনোই তার সঙ্গে মানুষের মতো আচরণ করা বন্ধ করার অজুহাত হতে পারে না।

আমরা কীভাবে বাচ্চাদের সীমানা চর্চা ও রক্ষা করতে সাহায্য করতে পারি?

নির্দিষ্ট শব্দ ও বাক্য শেখাতে হবে

শুধু “মুখ ফুটে বলো” বললে হবে না। ঠিক কোন বাক্যটি বলতে হবে, সেটা শেখাতে হবে এবং সবাই শান্ত থাকা অবস্থায় বাক্যগুলো অনুশীলন করতে হবে। “কেউ টেডির খেলনা নিয়ে গেলে টেডি কী বলতে পারে?” “কেউ তোমাকে জড়িয়ে ধরলে এবং তুমি না চাইলে কী বলতে পারো?” “আগে হ্যাঁ বলেছিলে, কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছ—তখন কী বলতে পারো?” শান্ত সময়ে শব্দগুলো যত পরিচিত হবে, মানসিক চাপের মুহূর্তে সেগুলো মনে পাওয়া তত সহজ হতে পারে।

বিকল্প দিতে হবে

বাচ্চা জড়িয়ে ধরতে না চাইলে হাত নাড়তে পারে, হাই-ফাইভ বা ফিস্ট-বাম্প দিতে পারে, ফ্লাইং কিস দিতে পারে অথবা শুধু ‘হ্যালো’ বলতে পারে। ভালোবাসা সত্যি হওয়ার জন্য শারীরিক স্পর্শ জরুরি নয়। তবে বিকল্পটিও যেন আরেকটি বাধ্যতামূলক অভিনয় না হয়ে যায়। কোনো কোনো সময় একটি শান্ত ‘হ্যালো’—এমনকি কোনো মেলামেশা না করাও—যথেষ্ট।

সবার সামনে বাচ্চার পাশে দাঁড়াতে হবে

এটা সবচেয়ে জরুরি। কোনো আত্মীয় যদি বলেন, “এসো, একটা চুমু দাও,” আর বাচ্চা ‘না’ বলে, মা-বাবা শান্তভাবে বলতে পারেন:

“ও না বলেছে। আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন, ও হাত নাড়বে বা হাই-ফাইভ দেবে কি না।”

কোনো লেকচার নয়। কোনো নাটক নয়। শুধু সমর্থন। এই একটি বাক্য বাচ্চাকে জানায়:

  • আমি তোমার কথা শুনেছি।
  • তোমার ‘না’-র মূল্য আছে।
  • অন্য কাউকে খুশি রাখতে আমি তোমাকে অস্বস্তির মধ্যে ঠেলে দেব না।

নিজের সীমানাও দেখিয়ে শেখাতে হবে

এই অংশটি যে এত কঠিন হবে, আমি ভাবিনি। আমার ছেলে যখন “That’s not okay” বলতে শিখছে, আমিও একই কথা বলতে শিখছি। আমিও “Enough is enough” বলতে শিখছি। আমি শিখছি, কেউ বারবার আমার সীমানা অগ্রাহ্য করলে শুধু একদিন সে বুঝবে—এই আশায় সেখানে দাঁড়িয়ে থাকতে আমি বাধ্য নই। আমি আলোচনা শেষ করতে পারি। ঘর থেকে বেরিয়ে যেতে পারি। আমার জীবনে কারও প্রবেশাধিকার সীমিত করতে পারি। যে পরিস্থিতি আমাকে বারবার আঘাত করে, সেখানে ফিরে যাওয়া বন্ধ করতে পারি। আমি নির্দয় বলে নয়; নিজের মানসিক শান্তি রক্ষা করার অধিকার আমার আছে বলে।

একসঙ্গে সুস্থ হয়ে ওঠা

বাউন্ডারি শুধু এমন কিছু শব্দ নয়, যা থেরাপি রুম বা ক্লাসরুমে ভালোভাবে আচরণ করার জন্য বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয়। বাউন্ডারি হলো বাঁচার একটি ধরন। এটি মানুষকে শেখায়, কীভাবে আঘাত না দিয়ে একে অপরের কাছে আসতে হয়; কীভাবে নিজের অস্তিত্ব হারিয়ে না ফেলে অন্য মানুষের সঙ্গে যুক্ত থাকা যায়।

আমার ছেলে যখন “Please stop” বলতে শেখে, আমি শুধু তাকে নতুন কিছু শিখতে দেখি না। আমি আমার নিজের ছয় বছর বয়সী ছোট রূপটিকেও দেখতে পাই—যে মেয়েটি অবশেষে সেই শব্দগুলো পাচ্ছে, যেগুলো তার বহু বছর আগেই পাওয়া উচিত ছিল। আমার ছেলের বয়স ছয়। আমার প্রায় ছত্রিশ। ও শিখছে, ওর শরীর ওর নিজের। আমি শিখছি, আমার মানসিক শান্তিও আমার নিজের। আমরা একসঙ্গে শিখছি।

আর হয়তো সুস্থ হয়ে ওঠা কখনো কখনো ঠিক এমনই দেখতে: পেছনে বাচ্চাদের একটি গান বাজছে, আর দুজন মানুষ—একজন ছোট, একজন বড়—অবশেষে শিখছে তাদের সীমানা কোথায় শুরু হয় এবং পৃথিবীকে কোথায় থামতে হয়।

তথ্যসূত্র ও আরও পড়ুন

  • আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস মা-বাবাদের পরামর্শ দেয়, বাচ্চাকে জোর করে বা অপরাধবোধ তৈরি করে কাউকে জড়িয়ে ধরতে বা চুমু দিতে বাধ্য না করতে। তারা বডি অটোনমি শেখানো এবং হাত নাড়া বা হাই-ফাইভের মতো বিকল্প দেওয়ার কথাও বলে। Teaching Body Safety and Boundaries
  • NSPCC-এর Talk PANTS রিসোর্স শেখায়, আত্মীয়সহ যেকোনো মানুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শে বাচ্চার ‘না’ বলার অধিকার আছে। কোনো কিছু অস্বস্তিকর লাগলে নিরাপদ ও বিশ্বস্ত কোনো বড় মানুষকে জানানোও জরুরি। NSPCC Talk PANTS
  • অটিস্টিক বাচ্চাদের জন্য NSPCC-এর গাইডে বলা হয়েছে, নিরাপত্তার জন্য কখনো কখনো বাচ্চার তাৎক্ষণিক ইচ্ছার বিরুদ্ধে যেতে হতে পারে। কিন্তু তখনও কারণটি ব্যাখ্যা করা এবং বাচ্চাকে বুঝতে সাহায্য করা জরুরি। Talk PANTS Guide for Parents and Carers of Autistic Children

এটি সাধারণ শিক্ষামূলক তথ্য ও ব্যক্তিগত প্রতিফলন। এটি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা, বিকাশগত সহায়তা, শিশুসুরক্ষা বা আইনি পরামর্শের বিকল্প নয়। প্রয়োজনীয় যত্ন ও নিরাপত্তার সিদ্ধান্ত শিশু ও পরিস্থিতি অনুযায়ী নিতে হবে।